গৌরনদীতে বেহাল সড়কে চারা রোপণ করে প্রতিবাদ
সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: দীর্ঘদিন ধরে চরম বেহাল দশায় পড়ে রয়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুটি সড়ক। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে ভরা সড়ক দুটি কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর প্রতিবাদে কাদাভরা রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ সড়ক গৌরনদী পৌরসভার হ্যালিপ্যাড সড়ক এবং বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের প্রধান সড়কটির অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায় পাঁচটি গ্রামের মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও উপজেলা হাসপাতালে আসা মুমূর্ষু রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষ সংস্কারে কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রতীকী প্রতিবাদ হিসেবে সড়কে জমে থাকা কাদামাটিতে ধানের চারা রোপণ করে ভিডিও প্রকাশ করেন।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানান, বৃষ্টি কমার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সড়ক দুটি সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা