প্রধানমন্ত্রীর নির্দেশে ইউনিয়নের নাম থেকে ‘সীমান্ত’ ‘দিগন্ত’ বাদ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করা হবে।"
জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, গণশুনানি শেষে নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, নবগঠিত ইউনিয়ন দুটির নাম স্থানীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির দুই সন্তানের নামের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বেশ আলোচনা-সমালোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। এতে প্রতিমন্ত্রী নিজেও ব্যক্তিগতভাবে বিব্রতবোধ করেন।
বিষয়টি নিয়ে যাতে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ না থাকে, সেজন্য প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিজেও ইউনিয়ন দুটির নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়ার জন্য জেলা প্রশাসককে বিশেষভাবে অনুরোধ জানান।
এআইএল/সকালবেলা
|