গ্রেপ্তারের পর ছাত্রলীগ নেতা জেলহাজতে

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ণ
গ্রেপ্তারের পর ছাত্রলীগ নেতা জেলহাজতে

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল): বরিশালের বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাফিন তালুকদার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতিয়া গ্রামের মো. সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে। তিনি সরকারি বরিশাল কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। পরিবারের দাবি, দীর্ঘদিন পর মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।

এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া রাফিন তালুকদার বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সক্রিয় সদস্য। তবে ঠিক কোন মামলায় বা সুনির্দিষ্ট কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, আইনি প্রক্রিয়ার স্বার্থে সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন