বরিশালে আ.লীগের মিছিল, অভিযানে গ্রেফতার ১৭
বরিশাল ব্যুরো: বরিশালে গত দুই দিনে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় নগরীর বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর জয়নুল আবেদিনসহ দলের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে শুরু করে আজ শুক্রবার জুমার নামাজের পর পর্যন্ত নগরীর চারটি পৃথক এলাকায় ঝটিকা মিছিল বের করা হয়। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এসব মিছিলে দলটির অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন। মিছিলের পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে এই ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা গোপনে ঝটিকা মিছিল করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছিল। আমরা ওইসব মিছিলের ভিডিও ফুটেজ নিখুঁতভাবে পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করছি এবং তাদের গ্রেফতার করা হচ্ছে।" আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এআইএল/সকালবেলা
|