শহীদ ওমর ফারুক ত্রিপুরার স্মরণে চবিতে দোয়া অনুষ্ঠিত
চবি প্রতিনিধি: পাহাড়ে সন্ত্রাসীদের হামলায় নিহত ওমর ফারুক ত্রিপুরার ৫ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল শিক্ষার্থী। একই সাথে তাঁরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে ‘পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা’র উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা ওমর ফারুক ত্রিপুরার জীবন, কর্ম এবং তাঁর মৃত্যুকে ঘিরে বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের বিচারের বিষয়টি এখনো অন্ধকারে রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাজেদুর রহমান মারুফ বলেন, "ওমর ফারুক ত্রিপুরা পাহাড়ে ইসলামের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও প্রচারক (দাঈ) হিসেবে কাজ করতেন। খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণের পর তিনি সত্য ও ন্যায়ের পথে চলার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় ইসলামের আলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন।"
তিনি আরও বলেন, "২০২১ সালের ১৮ জুন নিজ বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলায় তিনি শাহাদাতবরণ করেন। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত ছিল, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।"
অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের মতো পার্বত্য চট্টগ্রামেও নানা ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম নিয়ে নানা জটিলতা রয়েছে। এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলের বাস্তব পরিস্থিতি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দোয়া মাহফিলে অংশ নেওয়া চবির সাধারণ শিক্ষার্থীরা শহীদ ওমর ফারুক ত্রিপুরার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তাঁরা পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
এআইএল/সকালবেলা
|