ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি যখন সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, তখন কিশোরগঞ্জ জেলার রাজনীতিতে বইছে আনন্দের সুবাতাস। গুঞ্জন উঠেছে, অবহেলিত এই জনপদ থেকে এবার দুজন পূর্ণমন্ত্রী এবং একজন রাষ্ট্রপতি বা সমমর্যাদার দায়িত্ব পেতে পারেন। জেলার রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচিত নামগুলো হলো—সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। দলীয় নীতিনির্ধারণী সূত্রের বরাতে জানা গেছে, অভিজ্ঞ রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে যে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে, সেখানে কিশোরগঞ্জের এই তিন নেতা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।
সূত্রমতে, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুককে নিয়ে সবচেয়ে বড় গুঞ্জনটি শোনা যাচ্ছে। তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেলেও, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবেও তার নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। অন্যদিকে, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে ৭৪ হাজার ৬৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী অ্যাডভোকেট ফজলুর রহমানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অথবা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী মো. শরীফুল আলমকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টিও দলের হাইকমান্ডের বিবেচনায় রয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে বিতর্কিত কাউকে স্থান না দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। যারা বিগত দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং যাদের সততা ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা পরীক্ষিত, তাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই বিবেচনায় কিশোরগঞ্জের এই তিন নেতাই এগিয়ে রয়েছেন। এছাড়া টেকনোক্র্যাট কোটায় এবং জোটের শরিকদের মধ্য থেকেও মন্ত্রিসভায় সদস্য নেওয়ার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে কিশোরগঞ্জবাসী এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ