সরকার তখনই ভালো করবে, যখন আপনারা সহযোগিতা করবেন: প্রধানমন্ত্রী

সরকার তখনই ভালো করবে, যখন আপনারা সহযোগিতা করবেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এই সভায় তিনি কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। আপনারা সেই সরকারের অংশ। সরকার তখনই ভালো করবে যখন আপনারা সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন।" তিনি আরও যোগ করেন, "আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরকেই কাজ করতে হবে।"

নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি রাজনৈতিক দলের একটি মেনিফেস্টো থাকে। দেশের জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী মেনিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সব এজেন্ডা বাস্তবায়নে তিনি সরকারি কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

তিনি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, "জনগণ যেন নিরাপদ বোধ করে তা নিশ্চিত করতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই এই লক্ষ্য অর্জন করতে পারব।" এছাড়া দেশ থেকে দুর্নীতি দূর করতে তিনি কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম-নীতি ও গোপনীয়তা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এরপর কার্যালয়ের গঠন ও কার্যাবলী বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। সভায় কার্যালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন