সোনারগাঁওয়ে ব্লক রেডে ৩৬ আসামি গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে ব্লক রেডে ৩৬ আসামি গ্রেপ্তার

মো. মুক্তার হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অপরাধ দমন, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে চালানো পুলিশের দুই দিনের সাঁড়াশি ব্লক রেডে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ ও ৩০ অক্টোবর) ৪৮ ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে একাধিক চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। মাদক নির্মূলে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে পুলিশ পরিদর্শকরা মাদক ব্যবসায়ী, সেবনকারী, পরোয়ানাভুক্ত আসামি এবং কিশোর গ্যাংয়ের গোপন আস্তানায় একযোগে হানা দেয়।

অভিযানে চিহ্নিত 'ইয়াবা সম্রাজ্ঞী' মোছা. ফাতেমা ও মোছা. খালেদা এবং মাদক ব্যবসায়ী মো. আয়াছ ও মদ ব্যবসায়ী মো. সাদিকুল ইসলাম শুভসহ মোট ২৫ জন মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুই জন এবং সিআর ও জিআর পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত ৩৬ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা