ছাতকে এসআরবির অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ
ছাতকে এসআরবির অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) পরিচালিত এক বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে তড়িঘড়ি করে পালিয়ে গেছে অভিযুক্ত ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

রোববার (১১ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ)-এর একটি আভিযানিক দল ছাতক থানার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রাম এলাকায় অবস্থান নেয়। সেখানে সন্টু মিয়ার বসতবাড়ির পাশে পাকা রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের ভেতরে কতিপয় ব্যক্তি অপরাধমূলক ও মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছিল। রাত ১২টার দিকে এসআরবির উপস্থিতি টের পেয়ে ১টি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে সুকৌশলে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তিরা।

পরবর্তীতে স্থানটিতে তল্লাশি চালিয়ে পলিথিন ও শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ১টি ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিনযুক্ত বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারটির এক পাশে খোদাই করে 'USA' লেখা রয়েছে।

এসআরবি-৯ জানায়, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের আইনের আওতায় আনতে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা