গুগল-ফেসবুকের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেলেন প্রীতি
বিনোদন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার এবং ডিপফেক ভিডিওর বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা। সম্প্রতি বোম্বে হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা অভিনেত্রীর করা একটি বিশেষ আবেদন মঞ্জুর করেছেন, যার ফলে গুগল ও মেটাসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার আইনি অনুমতি পেলেন তিনি।
প্রীতি জিনতার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে তার নাম, কণ্ঠস্বর ও অবয়ব অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে। তার নামে ভুয়া চ্যাটবট তৈরি করে সাধারণ মানুষের সাথে বিভ্রান্তিকর যোগাযোগ চালানো হচ্ছে। এর ফলে তার ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং পেশাগত সুনামের ব্যাপক ক্ষতি হচ্ছে।
আদালতে প্রীতির আইনজীবী রোহন কদম দাবি করেন, এই ধরনের কর্মকাণ্ড ১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনের সরাসরি লঙ্ঘন। গুগল, মেটা, এক্স, জিফি ও গোড্যাডিসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট ছড়িয়ে পড়ছে। যেহেতু এসবের নেতিবাচক প্রভাব মুম্বাইসহ পুরো ভারতে পড়ছে, তাই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।
বর্তমানে এআই প্রযুক্তির বিস্তারের ফলে সেলিব্রিটিদের ব্যক্তিগত অধিকার সুরক্ষার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। প্রীতি জিনতার আগে শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং অরিজিৎ সিংয়ের মতো তারকারাও তাদের নাম ও ছবি বাণিজ্যিক অপব্যবহার থেকে বাঁচাতে অনুরূপ আইনি সুরক্ষা লাভ করেছেন।
বোম্বে হাইকোর্টের এই নির্দেশনার ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন এআই-এর দায়বদ্ধতা ও কন্টেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন করে চাপের মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জান্নাত সকালবেলা
|