আইনজীবী আলিফ হত্যা: জামিন পাননি চিন্ময় দাস

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ণ
আইনজীবী আলিফ হত্যা: জামিন পাননি চিন্ময় দাস

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন মঞ্জুর করেননি হাইকোর্ট। আজ রবিবার (১০ মে) জামিনের রুল খারিজ করে বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালত জানিয়েছেন, আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ বর্তমানে চলমান রয়েছে। এই অবস্থায় আসামিকে জামিন দেওয়া যুক্তিসঙ্গত হবে না বলে রাষ্ট্রপক্ষের যুক্তি গ্রহণ করা হয়েছে। তবে চিন্ময় দাসের আইনজীবীরা দাবি করেছিলেন, জামিন দিলে মামলার কার্যক্রমে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না।

আলিফ হত্যা মামলা ছাড়াও চিন্ময় দাসের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও ৪টি মামলা রয়েছে। এসব মামলায় জামিনের বিষয়ে জারি করা রুলের রায় আগামীকাল সোমবার (১১ মে) দেওয়া হবে বলে আদালত জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৭ মে উচ্চ আদালত এই ৫টি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। সেই রুলের ওপর শুনানি শেষে আজ একটি মামলার রায় প্রদান করা হলো।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন