ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। জামায়াত জোটের প্রার্থী হিসেবে তিনি আজ বুধবার (৬ মে ২০২৬) শপথ গ্রহণ করবেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নুসরাত তাবাসসুম বেলা ১১টা ১৫ মিনিটে সংসদ ভবনে প্রবেশ করেন। দুপুর ১২টায় স্পিকারের কার্যালয়ে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নুসরাত তাবাসসুমের এই শপথ গ্রহণের পথটি ছিল বেশ নাটকীয়। গত ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা। তবে নুসরাত ১৯ মিনিট বিলম্বে অর্থাৎ ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। সময় অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে নির্বাচন কমিশন (ইসি) শুরুতে তাঁর মনোনয়নপত্র গ্রহণে অস্বীকৃতি জানায়।
পরবর্তীতে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালত নুসরাত তাবাসসুমের পক্ষে রায় দিয়ে ইসিকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর ইসি তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
উল্লেখ্য, জামায়াত জোটের মনোনীত প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুম সংসদে বিরোধী কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
জান্নাত/সকালবেলা