মায়ের সম্মানে গুগলের বিশেষ ডুডল

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ
মায়ের সম্মানে গুগলের বিশেষ ডুডল

বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মা দিবস। প্রতি বছরের মতো এবারও বিশ্বের সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে গুগল তাদের হোমপেজে প্রকাশ করেছে বিশেষ ‘ডুডল’। কাগজ কেটে হাতে তৈরি কার্ডের আদলে সাজানো এই ডুডলটি সুরক্ষা ও নিঃশর্ত ভালোবাসার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

গুগলের ব্লগে জানানো হয়েছে, এবারের ডুডলে কাগজ কাটা অক্ষরের পাশাপাশি কার্নেশন ফুল ও ক্যাকটাসের নকশা ব্যবহার করা হয়েছে। কার্নেশন ফুল মায়েদের প্রতি ভালোবাসা এবং ক্যাকটাস সুরক্ষা ও সহনশীলতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। মূলত একটি হাতে তৈরি উপহারের অনুভূতি দিতেই এই শৈল্পিক নকশা বেছে নিয়েছে গুগল।

ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিশ্বের অধিকাংশ দেশে মে মাসের দ্বিতীয় রোববার (১০ মে) মা দিবস পালিত হলেও এর উদযাপনে ভিন্নতা রয়েছে। থাইল্যান্ডে ১২ আগস্ট এবং ইথিওপিয়ায় শরতের কয়েকদিনব্যাপী ‘অ্যান্ট্রশট’ উৎসবের মাধ্যমে মা দিবস পালন করা হয়।

দিবসটির ইতিহাস বেশ প্রাচীন। গ্রিক ও রোমান সভ্যতায় মাতৃদেবীদের পূজার চল ছিল। তবে আধুনিক মা দিবসের সূচনা হয় বিংশ শতাব্দীর শুরুতে আমেরিকার আনা জার্ভিসের হাত ধরে। ১৯০৮ সালে তিনি তাঁর মায়ের মৃত্যুবার্ষিকীকে আনুষ্ঠানিকভাবে মা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেন, যা পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে মা দিবস কেবল জন্মদাত্রী মা নয়, বরং দাদি-নানি, খালা বা জীবনের যেকোনো ছায়াদানকারী নারীর প্রতি কৃতজ্ঞতা জানানোর দিনে পরিণত হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন