নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যকে দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। 

আজ রোববার (১০ মে) বেলা ১২টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে দগ্ধদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গৃহকর্তা গ্যাসলাইট দিয়ে আগুন জ্বালাতেই সারা ঘরে আগুন ধরে যায়। এতে পরিবারের শিশুসহ পাঁচজনই দগ্ধ হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। দগ্ধদের সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।” ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় ভেতরে জমে থাকা গ্যাস থেকে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে জানান তিনি।

মন্ত্রী দগ্ধদের স্বজনদের আশ্বস্ত করে বলেন, তাঁদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। চিকিৎসার ক্ষেত্রে কোনো আর্থিক সমস্যা হলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

গ্যাস ব্যবহারে অসচেতনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের সমাজে সচেতনতার অভাব প্রকট। বারবার প্রচার করা সত্ত্বেও অনেকে চুলার নিচে বা ঘরের ভেতরে সিলিন্ডার রাখেন।” তিনি পরামর্শ দেন যে, সিলিন্ডার সবসময় ঘরের বাইরে রাখা উচিত এবং চুলা ধরানোর আগে দরজা-জানালা খুলে নেওয়া জরুরি।

অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ রোধে জনসচেতনতা বাড়াতে খুব শিগগিরই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হবে বলে জানান সরদার সাখাওয়াত হোসেন। তিনি সিলিন্ডার সরবরাহকারী কোম্পানিগুলোর মাধ্যমে নিয়মিত লিকেজ পরীক্ষার ওপরও জোর দেন।

উল্লেখ্য, ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ওই পরিবারের তিন শিশু সন্তানসহ মা-বাবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মন্তব্য করুন