ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হবিগঞ্জ প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি অস্থিরতার সুযোগে সীমান্তপথে তেল পাচার ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। পাচারকারী চক্রের অপতৎপরতা রুখতে শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে সীমান্ত এলাকায় নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজারের অদূরে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন, বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সড়কে চলাচলকারী সন্দেহভাজন যানবাহনগুলোতে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিজিবি কর্মকর্তারা মনে করছেন, এই পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু চক্র অধিক মুনাফার আশায় জ্বালানি মজুত কিংবা প্রতিবেশী দেশে পাচারের চেষ্টা চালাতে পারে।
হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানজিলুর রহমান বলেন,
"বাজারে অস্থিরতা তৈরি হলেই কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি এবং পাচারের চেষ্টা করে। চলমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সেই ঝুঁকি আরও বেড়েছে। যেকোনো ধরনের জ্বালানি পাচার প্রতিরোধে বিজিবি সীমান্তে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে এবং এই তৎপরতা অব্যাহত থাকবে।"
| আজকের তারিখঃ বঙ্গাব্দ