বঙ্গভবন ছাড়লেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
অনলাইন ডেস্ক: পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে তিনি সপরিবারে বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন।
বঙ্গভবন সূত্র জানায়, রবিবার দুপুর ২টা ২৫ মিনিটে সদ্য সাবেক রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গাড়িবহর বঙ্গভবন থেকে গুলশানের 'গ্রিন ভিলা' বাসভবনের উদ্দেশ্যে বের হয়ে যায়।
এর আগে, বিদায়ের প্রাক্কালে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে এক ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন মো. সাহাবুদ্দিন। সেই নৈশভোজে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন।
পদত্যাগপত্র পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করেন স্পিকার। একই সাথে সংবিধানের ধারা অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
|