দিনাজপুরে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মোঃ তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়ন পরিষদ হলরুমে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বাড়াতে দিনব্যাপী এক সমৃদ্ধ পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর আয়োজনে এবং ইউনিয়ন মাল্টিসেক্টর প্ল্যাটফর্ম (এমএসপি) সদস্য ও স্থানীয় কৃষকদের জন্য পরিচালিত ‘রেইনস’ প্রকল্পের আওতায় এই সেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক। পুরো কর্মশালাটি সফলভাবে পরিচালনা করেন গেইনের কনসালটেন্ট সুবর্না ইসলাম।
সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, আস্করপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, মোঃ ইদ্রীস আলী সরকার এবং আস্করপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সাদাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।
দিনব্যাপী এ কর্মশালায় প্রন্তিক গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টির মান বৃদ্ধি, কৃষক ও শ্রমজীবী মানুষকে সচেতন করে তোলা এবং সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা জানান, সুস্থ ও রোগমুক্ত জীবনের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় সুষম খাবার, সময়মতো পরিচ্ছন্নতা রক্ষা এবং পর্যাপ্ত পরিমানে শাকসবজি ও ফলমূল যোগ করা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের দৈহিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের ভূমিকা অনস্বীকার্য।
পাশাপাশি নবজাতক জন্মের পর প্রথম ছয় মাস কেবল মায়ের শালদুধ নিশ্চিত করা, ছয় মাস অতিক্রান্ত হওয়ার পর সহজপাচ্য বাড়তি খাবার প্রদান এবং কিশোর-কিশোরীদের আমিষজাতীয় খাবারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়াও বিষমুক্ত নিরাপদ শাকসবজি উৎপাদন, আদর্শ মডেল পুষ্টি বাগান তৈরি, রান্নার সময় খাবারের আসল পুষ্টিমান বজায় রাখা এবং গর্ভবতী মায়েদের সুষম খাদ্য নিশ্চিত করার বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।
উক্ত সচেতনতামূলক কর্মশালায় স্থানীয় শিক্ষক, প্রান্তিক কৃষক, বাজার পরিচালনা কমিটির সদস্য, সফল নারী উদ্যোক্তা, ইউপি সদস্য ও সচিব, স্থানীয় সাংবাদিক, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, ধর্মীয় নেতা (ইমাম), স্বাস্থ্য কর্মী এবং সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
|