সুরমা-কুশিয়ারার পানি কমছে: সিলেটের নিম্নাঞ্চলে স্বস্তির বার্তা

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ণ
সুরমা-কুশিয়ারার পানি কমছে: সিলেটের নিম্নাঞ্চলে স্বস্তির বার্তা

অনলাইন ডেস্ :সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি আগামী তিন দিনে আরও কমে যেতে পারে। এতে সিলেট অঞ্চলের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির আশা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ রবিবার (২৬ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশ করা সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পাউবোর পর্যবেক্ষণাধীন প্রধান নদী স্টেশনগুলোর মধ্যে বর্তমানে কেবল সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর অবস্থান করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিগত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি হ্রাস পেয়েছে এবং আগামী তিন দিন এ পানি কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে সিলেট জেলার কুশিয়ারা নদীসংলগ্ন প্লাবিত নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে, যা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

পাউবো আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কমেছে এবং আগামী তিন দিন তা অব্যাহত থাকতে পারে। তবে এর পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনার পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কয়েকটি পয়েন্টে সতর্কসীমা স্পর্শ করতে পারে, যা নদী তীরবর্তী নিচু এলাকায় সাময়িক প্লাবন সৃষ্টি করতে পারে।

অন্যদিকে দেশের গঙ্গা-পদ্মা অববাহিকার নদীর পানি আপাতত স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনের মধ্যে তা বৃদ্ধির আভাস রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের প্রধান নদীগুলো—যেমন গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুড়ীর পানি হ্রাস পেয়েছে এবং আগামী তিন দিন তা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন