মির্জা ফখরুলকে আহ্বায়ক করে ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন

মির্জা ফখরুলকে আহ্বায়ক করে ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রাষ্ট্রের বিভিন্ন জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসা প্রস্তাবসমূহ যাচাই-বাছাই ও চূড়ান্ত সুপারিশ করার জন্য এই শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। ১০ সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি গত রাতে গেজেট আকারে প্রকাশিত হয়। পুনর্গঠিত এই কমিটির সদস্যরা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন রেলপথ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক। পদাধিকারবলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরাও এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ কমিটিতে সংযুক্ত থাকবেন।

পুনর্গঠিত কমিটির প্রধান তিনটি কাজ:

  • জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ থেকে আসা প্রস্তাবসমূহ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা।

  • বিভিন্ন জাতীয় পুরস্কারের ক্রম (Hierarchy) নির্ধারণ এবং প্রয়োজনে তা পরিবর্তনের সুপারিশ করা।

  • নতুন কোনো জাতীয় পুরস্কার প্রবর্তনের প্রস্তাব যাচাই করে সরকারের কাছে সুপারিশ পেশ করা।

এই নতুন কমিটি গঠনের ফলে গত ২ অক্টোবর ২০২৪ তারিখে জারি করা পূর্বের প্রজ্ঞাপনটি বাতিল বলে গণ্য হবে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী এই কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন