আগামীকাল ‘যমুনা’ ছাড়ছেন ড. মুহাম্মদ ইউনূস

আগামীকাল ‘যমুনা’ ছাড়ছেন ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে দিচ্ছেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন শেষে যমুনাতেই অবস্থান করছিলেন।

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই হেয়ার রোডের এই রাষ্ট্রীয় অতিথি ভবনটিকে ড. ইউনূসের বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। দীর্ঘ দেড় বছর দায়িত্ব পালন শেষে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে।

এদিকে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে হেয়ার রোডের ‘যমুনা’কেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে চূড়ান্ত করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ড. ইউনূস যমুনা ছেড়ে দেওয়ার পর সেখানে কিছু প্রয়োজনীয় সংস্কারকাজ করা হবে এবং এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উঠবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. ইউনূস তার সরকারের মেয়াদকালেই নিজের কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। তার সঙ্গে উপদেষ্টা পদমর্যাদার আরও প্রায় ২০ জন কর্মকর্তা তাদের পাসপোর্ট ফেরত দিয়েছেন। বর্তমানে ড. ইউনূসের পরবর্তী কার্যক্রম নিয়ে চলছে নানা পরিকল্পনা। তার দীর্ঘদিনের স্বপ্ন ‘থ্রি জিরো’ ভিশন—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—নিয়ে তিনি ভবিষ্যতে কাজ করতে পারেন। বিদেশ থেকেও অনেক সফরের আমন্ত্রণ পাচ্ছেন তিনি, যা বর্তমানে এসডিজি বিষয়ক সাবেক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ তদারকি করছেন। আগামীকাল বাসভবন ছাড়ার মধ্য দিয়ে ড. ইউনূসের রাষ্ট্রীয় দায়িত্ব পরবর্তী অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন