রাজধানীর ফিনিক্স রোডের নতুন নাম ‘হাফেজ্জী হুজুর সড়ক’

রাজধানীর ফিনিক্স রোডের নতুন নাম ‘হাফেজ্জী হুজুর সড়ক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর’-এর নামে একটি সড়কের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত ফিনিক্স রোড নামে পরিচিত ৫৩০ মিটার দীর্ঘ সড়কটির নতুন নামকরণ করা হয় “মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক”।

উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, হাফেজ্জী হুজুর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ। তাঁর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় সম্মতি ও দিকনির্দেশনায় এই উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে। এমন একজন পীর-বুজুর্গ ব্যক্তিত্বকে স্মরণ করে এই নামকরণ করতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

সড়ক উদ্বোধনের পাশাপাশি প্রশাসক জনস্বাস্থ্য ইস্যুতে গুরুত্বারোপ করে বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে। তিনি নগরবাসীকে নিজ নিজ আঙিনা ও ছাদ পরিষ্কার রাখার আহ্বান জানান যাতে কোথাও এডিস মশার লার্ভা জন্মাতে না পারে। মশক নিধন কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, কার্যকর কীটনাশক ব্যবহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নতুন ফগার মেশিন সংগ্রহের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমান প্রশাসন জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন