ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: এক ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান।
সংসদীয় রেওয়াজ অনুযায়ী, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে প্রথমে বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ নেবেন। এমপি হিসেবে শপথ নেওয়ার পরপরই তাঁদের ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবেও আলাদাভাবে শপথ গ্রহণ করার কথা ছিল। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংবিধানে এ সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা না থাকায় তাঁরা এই মুহূর্তে ‘সংস্কার পরিষদ’ হিসেবে আলাদা কোনো শপথ গ্রহণ করবেন না।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব তারেক রহমান সপরিবারে উপস্থিত ছিলেন। দীর্ঘ দেড় যুগ পর ধানের শীষের বিপুল বিজয়ে বিএনপির সদস্যদের সংসদ ভবনে প্রবেশ নেতাকর্মীদের মাঝে এক বিশেষ উদ্দীপনার সৃষ্টি করেছে।
এরই মধ্যে শপথ গ্রহণকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশে ১২ প্লাটুন বিজিবি সদস্যসহ কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আজ বিকেলেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ