বেতাগীতে এইচএসসি ফলে ধস, অকৃতকার্য বেশি
মোঃ সোহেল রানা (বরগুনা): বরগুনার বেতাগীতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে চারটি কলেজে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। প্রকাশিত ফলাফলের বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, এসব প্রতিষ্ঠানে উত্তীর্ণের তুলনায় অকৃতকার্য বা অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও বেশি।
বিশেষ করে উপজেলার শীর্ষস্থানীয় বেতাগী সরকারি কলেজ ও চান্দখালী মোশাররফ হোসেন কলেজে ফেলের হার আশঙ্কাজনক। প্রাপ্ত তথ্যানুযায়ী, বেতাগী সরকারি কলেজে তিন বিভাগ মিলিয়ে মোট ২৪৬ জন উত্তীর্ণ হলেও অনুত্তীর্ণ হয়েছেন ৪০৬ জন। চান্দখালী মোশাররফ হোসেন কলেজে ৯৭ জন পাশের বিপরীতে ফেল করেছেন ২০৮ জন।
একইভাবে বিবিচিনি কলেজে তিন বিভাগে মাত্র ১৪ জন পাশ করলেও অকৃতকার্য হয়েছেন ৫৩ জন। অন্যদিকে বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগে ৭ জন উত্তীর্ণের বিপরীতে ১৯ জন অনুত্তীর্ণ হয়েছেন।
বিভাগভিত্তিক সার্বিক হিসাব অনুযায়ী, বেতাগীর এই চারটি প্রতিষ্ঠানে মোট ৩৬৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পেরেছেন এবং বিপরীতে অনুত্তীর্ণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৬ জনে।
হতাশাজনক এই ফলাফলের পর স্থানীয় সচেতন মহল মনে করছেন—শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শ্রেনিকক্ষে পাঠদান পদ্ধতি, শিক্ষকদের ভূমিকা, প্রাতিষ্ঠানিক তদারকি এবং অভিভাবকদের সচেতনতার অভাবই এই বিপর্যয়ের মূল কারণ। শিক্ষার মানোন্নয়নে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
এআইএল/সকালবেলা