ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ বরখাস্ত

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ণ
ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ বরখাস্ত

বিশেষ প্রতিনিধি: অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ হারুন-অর-রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। সরকারি চাকরিবিধি অনুযায়ী তাঁর এই অননুমোদিত অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসেবে গণ্য করে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাঁর এই বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদ ডিএমপিতে দায়িত্ব পালনকালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল থেকে অনুপস্থিত হন। পরবর্তীতে তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কর্মস্থলে যোগদান করেননি।

কর্মস্থলে অনুপস্থিতির এ ঘটনার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। এরপর ২০২৬ সালের ১৫ এপ্রিল তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। পরবর্তীতে আনীত অভিযোগের বিষয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে কোনো লিখিত জবাব দেননি এবং সময় বাড়ানোর জন্য কোনো আবেদনও জানাননি।

এআইএল/সকালবেলা