আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
তিমির বনিক (মৌলভীবাজার প্রতিনিধি): মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) নামের এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকার আব্দুস সালামের ছেলে।
শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার দিকে ফুজাইরাহ শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহত বায়েজিদ আমিরাতের স্বনামধন্য ডেলিভারি প্রতিষ্ঠান ‘নুন’ (noon)-এ কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে কাজ করার সময় ফুজাইরাহ শহরে একটি মোটরসাইকেল ও ট্যাংকারবাহী লরির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি লরির পেছনে সজোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়লে বায়েজিদ গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।
এদিকে জীবিকা অর্জনের জন্য প্রবাসে গিয়ে তরতাজা এক যুবকের এমন আকস্মিক মৃত্যুর খবর দেশে পৌঁছালে শ্রীমঙ্গলের সিরাজনগর এলাকায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। তাঁর এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দাফনসংক্রান্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আমিরাতে অবস্থানরত তাঁর স্বজন ও সহকর্মীরা কাজ করে যাচ্ছেন। তবে মরদেহ দেশে পৌঁছানোর সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো নিশ্চিত করা যায়নি।
এআইএল/সকালবেলা