বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ
বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধি (গাজীপুর): বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে এই অবরোধের কারণে ব্যস্ততম এই মহাসড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে শিল্পাঞ্চল গাজীপুরে নানা দাবিতে আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে আসছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকার একটি কারখানার শ্রমিকরা হঠাৎ রাস্তায় নেমে আসেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ করেন। এর ফলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার আশপাশের কয়েকটি কারখানা কর্তৃপক্ষ তাদের কার্যক্রম সাময়িকভাবে ছুটি ঘোষণা করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে এবং যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

এআইএল/সকালবেলা