দুর্নীতিতে ডুবছে উলপুর মহিলা দাখিল মাদ্রাসা
পলাশ চন্দ্র বিশ্বাস (জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ): গোপালগঞ্জে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির মধ্য দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে উলপুর মহিলা দাখিল মাদ্রাসার। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকল অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতিমূলক কাজের আশ্রয়-প্রশ্রয় ও নেতৃত্ব দিচ্ছেন ওই প্রতিষ্ঠানের সুপার এ. কে. এম সাইফুল্লাহ। পাশাপাশি তিনি উলপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে ভাড়া বাসায় কোচিং সেন্টার খুলে বসেছেন। তাঁর প্রতিষ্ঠিত কোচিং সেন্টারে দাখিল মাদ্রাসার ছাত্রীদের প্রাইভেট পড়তে বাধ্য করেন এবং গাইড বই কিনতে উৎসাহিত করেন। যে সকল ছাত্রীরা কোচিং সেন্টারে ভর্তি হয় না এবং গাইড বই কিনতে আগ্রহী হয় না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করারও অভিযোগ রয়েছে।
এছাড়াও গত ২০২৩ সালে মাদ্রাসার অসহায়, দুস্থ শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মাঝে অনুদান হিসেবে বিতরণের জন্য ৫ লাখ টাকা পেয়েছিল প্রতিষ্ঠানটি। তৎকালীন সময়ে সুপার সাইফুল্লাহ প্রতারণার আশ্রয় নিয়ে কোনো শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীর মাঝে টাকা বিতরণ না করে ভুয়া তালিকা ও বিল ভাউচার তৈরি করে সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে।
এছাড়াও সুপারের আশ্রয়-প্রশ্রয়ে চাকরির পাশাপাশি উলপুর বাজারে লাইব্রেরির ব্যবসা, প্রতারণা ও নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আইসিটি শিক্ষক রাসেল চৌধুরী। বর্তমানে এই শিক্ষকের নামে রয়েছে একাধিক প্রতারণা ও চেক জালিয়াতির মামলা। এমনকি কয়েক বছর পূর্বে এই শিক্ষকের বিরুদ্ধে প্রাকটিক্যাল পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসার ছাত্রীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছিল। মাদ্রাসার একটি গোপন সূত্রে জানা গেছে, আইসিটি শিক্ষক রাসেল প্রতি মাসে কমপক্ষে ১০ থেকে ১৫ দিন লাইব্রেরি ব্যবসা পরিচালনা, মামলার হাজিরা ও ব্যক্তিগত কাজের প্রয়োজনে মাদ্রাসায় অনুপস্থিত থাকলেও সুপার তাঁকে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত দেখান।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার এক স্টাফ জানান, এই শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করতে সুপার এবং আইসিটি শিক্ষকই যথেষ্ট। তাঁদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে গিয়ে ধীরে ধীরে মাদ্রাসাটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন তাঁরা।
সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেছেন, এই মাদ্রাসাটির বেশ কয়েকজন অসাধু শিক্ষক দীর্ঘদিন ধরে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি করে আসছেন। এদের বিষয়ে তদন্ত করলে অনেক গোপন অনিয়ম ও অপকর্মের প্রমাণ পাওয়া যাবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইসিটি শিক্ষক রাসেল চৌধুরী বলেন, "আমি কখনোই মাদ্রাসা ফাঁকি দিই না। লাইব্রেরিটি আমার ছেলের নামে, ছেলেই পরিচালনা করে। আমি মাদ্রাসা ফাঁকি দিয়ে কখনোই লাইব্রেরিতে সময় দিই না।"
অন্যদিকে এসব অভিযোগের বিষয়ে সুপার এ. কে. এম সাইফুল্লাহ প্রাইভেট পড়ানো ও গাইড বই বিক্রয়ের কথা স্বীকার করলেও তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম তালুকদার বলেন, "এই মাদ্রাসার শিক্ষকদের বিষয়ে আগেও অভিযোগ শুনেছি। আপনারা যে তথ্যগুলো পেয়েছেন উল্লেখ করে সংবাদ আকারে প্রকাশ করুন। আমি জেলা মাধ্যমিক স্যারের সঙ্গে পরামর্শ করে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।"
এআইএল/সকালবেলা