ইলিশের নিষেধাজ্ঞা অমান্য করায় বরিশালে ৫৩৬ জেলেকে জরিমানা

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ণ
ইলিশের নিষেধাজ্ঞা অমান্য করায় বরিশালে ৫৩৬ জেলেকে জরিমানা

সাঈদ পান্থ (বরিশাল): ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট দুই হাজার ৬৭৬টি অভিযান চালিয়েছে প্রশাসন। 

এই সময়ের মধ্যে আইন অমান্য করার অপরাধে ৭৩৯টি মামলায় ৫৩৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা চলাকালীন পরিচালিত এসব অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ২৫ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৫০০ টাকা মূল্যের ১ কোটি ৪২ লাখ ৩২ হাজার ৯০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১০ হাজার ৩৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এ ছাড়া জব্দকৃত মাছের নিলাম থেকে ৩ লাখ ৩২ হাজার ৩০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।

মা ইলিশ রক্ষায় এই ২২ দিনে বিভাগজুড়ে ব্যাপক নজরদারি চালানো হয়। এই সময়ে বিভিন্ন মাছ অবতরণ কেন্দ্রে ৬২৩ বার, মাছঘাটে ৩ হাজার ২১৩ বার, আড়তে ৬ হাজার ৫০৫ বার এবং বাজারে ৪ হাজার ৩৫৩ বার নিয়মিত পরিদর্শন ও তদারকি করেছে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য বিভাগ।

এআইএল/সকালবেলা