বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
সাঈদ পান্থ (বরিশাল): পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি (সেনা ও নৌ শাখা) এবং রোভার স্কাউটের যৌথ উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। এ ছাড়া বিএনসিসি ও স্কাউটসের কর্মকর্তা ও সদস্যরা এই কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচির শুরুতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বলেন, একটি পরিষ্কার ও সুন্দর ক্যাম্পাস মানসিক প্রশান্তির পাশাপাশি পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করে। নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, বিএনসিসি ও রোভার স্কাউটসের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের কার্যক্রম যেন শুধু প্রতীকী না হয়ে দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মাঝে এ ধরনের সামাজিক ও সেবামূলক মানসিকতা সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এআইএল/সকালবেলা