কায়রোতে আযহার ওয়েলফেয়ার সোসাইটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের কায়রো শহরের নাদিউজ জাহির হলে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)-এর উদ্যোগে ‘আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
প্রায় দেড় হাজার নিবন্ধিত শিক্ষার্থীর সংগঠনটির আয়োজনে গতকাল বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব সভাপতিত্ব করেন এবং মিশরে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আব্দুল বাসেত নাদীমের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন, প্রাক্তন সভাপতি আব্দুল আজিজ তরফদার, প্রাক্তন সভাপতি আব্দুর রহমান মোতালেব, সেক্রেটারি মিসবাহুল হক মেরাজী, জাতীয় লেখক পরিষদের সভাপতি সৈয়দ শামসুল হুদা ও দৈনিক আমার দেশের সহকারী সম্পাদক আলী হাসান তৈয়বসহ আরও অনেকে।
সেমিনারের দ্বিতীয় পর্বে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পিএইচডি, এমফিল, স্নাতক ডিগ্রি সম্পন্নকারী এবং বিভিন্ন অনুষদে সেরা স্থান অর্জনকারী শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, এ বছর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ‘টপ টেন’ ক্যাটাগরিতে রেকর্ড সংখ্যক ৫৭ জন বাংলাদেশি শিক্ষার্থী স্থান অর্জন করেছেন। প্রধান অতিথি ও সভাপতি যৌথভাবে কৃতী শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন।
এছাড়া বাংলাদেশ থেকে আল-আযহারে প্রশিক্ষণ নিতে আসা ৬ জন ইমাম এবং দশ কেরাতের সনদ অর্জনকারী কারি রায়হান উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে শিক্ষার্থীদের এমন উজ্জ্বল ফলাফলের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখার আশ্বাস দেন। সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব তাঁর সমাপনী বক্তব্যে প্রবাস জীবনে নৈতিকতা চর্চার আহ্বান জানান। পরিশেষে দোয়া ও মোনাজাত এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এআইএল/সকালবেলা