সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার যুবক নিহত

প্রকাশ: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার যুবক নিহত

সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি): সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামের কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। সেখানে কর্মরত আল আমিন নামে এক বাংলাদেশি তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সৌদি আরবে সংঘটিত হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হন সজিব। প্রবাসে তাঁর মর্মান্তিক মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, পরিবারের অসচ্ছলতা দূর করতে সজিব সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। উপার্জক্ষম ছেলেকে হারিয়ে স্বজনরা এখন দিশেহারা, পরিবারে চলছে করুণ শোকের মাতম।

মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও দাফন সম্পন্ন করার জন্য পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়া চলছে। অনতিবিলম্বে লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

এআইএল/সকালবেলা