আল-আযহার থেকে সর্বোচ্চ ফলাফলে প্রথম বাংলাদেশি নারী গবেষকের এমফিল ডিগ্রি অর্জন

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
আল-আযহার থেকে সর্বোচ্চ ফলাফলে প্রথম বাংলাদেশি নারী গবেষকের এমফিল ডিগ্রি অর্জন

আফ্রিকা ও মধ্যপ্রাচ্য ডেস্ক: মিশরের ঐতিহ্যবাহী আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বাংলাদেশি নারী গবেষক হিসেবে মুনিরা তাহের আবু তাহের সর্বোচ্চ ফলাফলে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। 

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি অফ ইসলামিক সাইন্স ফর ফরেইনার স্টুডেন্টস’-এর অধীনে ইমাম আহমদ আত-তাইয়্যিব মিলনায়তনে তাঁর এমফিল থিসিস ডিফেন্স সেমিনার অনুষ্ঠিত হয়। এতে তিনি সর্বোচ্চ ফলাফল ‘মুমতাজ’ (Excellent) গ্রেডে উত্তীর্ণ হন।

তাফসির ও উলুমুল কুরআন বিষয়ে তাঁর গবেষণাপত্রের শিরোনাম ছিল—‘হুরূফুল মাআনি (عسى, عند, كأنّ) এবং পবিত্র কুরআনের দ্বিতীয়ার্ধের তাফসিরে এর প্রভাব: সংকলন ও পর্যালোচনা’। আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের উপস্থিতিতে দীর্ঘ পর্যালোচনা শেষে বিচারক ও সুপারভাইজার মণ্ডলী তাকে সর্বোচ্চ গ্রেড প্রদান করেন।

আল-আযহারের হাজার বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই সাফল্য অর্জনকারী মুনিরা তাহের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার এক শিক্ষানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা মোহাম্মদ আবু তাহের দুর্গাপুর জামিউল উলূম কাচারি মাদরাসা ও ফাতিমা (রা.) মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা।

দুর্গাপুর জামিউল উলূম কাচারি মাদরাসায় হিফয সম্পন্ন করার পর তিনি স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরবর্তীতে ২০১০ সালে মিশরে পাড়ি জমান এবং আল-আযহার শিক্ষা ব্যবস্থার অধীনে পড়াশোনা শুরু করেন। তিনি ২০১৮ সালে অনার্স, ২০২১ সালে দশ কিরাআত এবং ২০২২ সালে মাস্টার্স (তামহিদি) কোর্স সম্পন্ন করেন। দীর্ঘ অধ্যবসায় ও গবেষণা শেষে ২০২৬ সালে তাঁর এই থিসিস চূড়ান্তভাবে গৃহীত হয়। অধ্যয়নের পাশাপাশি তিনি বর্তমানে মিশরের জামিয়া সুফারা আল-হিদায়াতে কুরআন শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন।

বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠান থেকে একজন বাংলাদেশি নারীর সাফল্য বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তাঁর এই অসামান্য অর্জনে ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর’-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। গবেষকের পক্ষে তাঁর পুত্র মুহাম্মাদ হুজাইফা সংগঠনের নেতাদের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন।

এআইএল/সকালবেলা