ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ ব্যারেল অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে আগরপুর বাজারের ‘নুরুল ইসলামের ভ্যারাইটিস স্টোর’-এ তল্লাশি চালানো হয়। অভিযানে অবৈধভাবে মজুত করা ৭ ব্যারেল ডিজেল ও ৩ ব্যারেল অকটেনসহ মোট ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
অবৈধভাবে তেল মজুত করার অপরাধে ব্যবসায়ী নুরুল ইসলামকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ২ হাজার লিটার তেল স্পট নিলামে তোলা হলে ২ লক্ষ ৪৫ হাজার টাকায় বিক্রি হয়, যা তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে ভূমি অফিসের নাজির মো. মনির হোসেন এবং বাবুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন। দিনের আলোয় বিপুল পরিমাণ তেল জব্দের এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ