ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দেশব্যাপী ‘ইমার্জেন্সি এমআর ক্যাম্পেইন-২০২৬’-এর অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রমের সূচনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার, শিশু কনসালটেন্ট ডা. বিশ্বজিৎ দেবসহ মেডিকেল অফিসার ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা।
এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় শ্রীমঙ্গলের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কোনো শিশু আগে এই টিকা গ্রহণ করে থাকলেও সুরক্ষা নিশ্চিত করতে তাকে পুনরায় টিকা নিতে হবে। দেশের যেকোনো স্থানে থাকা অভিভাবকরা শিশুর টিকা কার্ড সঙ্গে নিয়ে নিকটস্থ ইপিআই (EPI) বা অস্থায়ী কেন্দ্র থেকে এই টিকা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন (সাপ্তাহিক ছুটি ব্যতীত) সকাল ৮টা থেকে এই টিকাদান কার্যক্রম চলবে। কর্মসূচিটি বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF) এবং গ্যাভি (Gavi) কারিগরি ও সার্বিক সহযোগিতা প্রদান করছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ