ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। মার্কিন সংবাদমাধ্যম 'এনবিসি নিউজ'-এর সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ৬৩ শতাংশ আমেরিকান বর্তমানে ট্রাম্পের নীতির তীব্র বিরোধিতা করছেন।
জরিপ অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাঁর জনপ্রিয়তা এখন পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে (৩৭ শতাংশ) নেমে এসেছে। বিশেষ করে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় তাঁর ব্যর্থতা নিয়ে অধিকাংশ নাগরিক ক্ষুব্ধ। ৬৮ শতাংশ নাগরিক জানিয়েছেন, তাঁরা প্রেসিডেন্টের বর্তমান অর্থনৈতিক নীতিতে সন্তুষ্ট নন।
ইরানের ওপর মার্কিন সামরিক হামলার বিপক্ষে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক নাগরিক। বিশেষ করে ৩০ বছরের কম বয়সী আমেরিকানদের ৭৪ শতাংশই ইরানের বিরুদ্ধে আর কোনো নতুন হামলার পক্ষপাতী নন। এছাড়া ৬৬ শতাংশ নাগরিক ইরানের সাথে সম্ভাব্য যুদ্ধ ও ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দা সামলানোর ক্ষেত্রে ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন।
দেশটি সঠিক পথে চলছে কি না—এমন প্রশ্নে মাত্র ৩৩ শতাংশ নাগরিক ইতিবাচক উত্তর দিয়েছেন। বিপরীতে ৬৬ শতাংশ মার্কিনি মনে করছেন, বর্তমানে আমেরিকা ভুল পথে এগোচ্ছে।
নিজ দল রিপাবলিকান ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন এখনো বেশ শক্তিশালী (৮৩ শতাংশ) থাকলেও, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় তা ৪ শতাংশ কমেছে। সামগ্রিকভাবে তাঁর কট্টর সমর্থকদের হারও ৫৮ শতাংশ থেকে কমে ৫২ শতাংশে দাঁড়িয়েছে।
সূত্র: জিও নিউজ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ