ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে সোমবার সন্ধ্যায় ৭.৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে এবং কিছু এলাকায় ইতিমধ্যে সুনামির ঢেউ দেখা গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪। তবে জাপান সরকার এর তীব্রতা ৭.৫ রেকর্ড করেছে। গ্রিনিচ মান সময় (GMT) সন্ধ্যা ০৭:৫২ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইওয়াতে প্রদেশের মিয়াকো শহর থেকে প্রায় ১১৪ কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে।
ভূমিকম্পের পরপরই হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে অঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সরকারি এক জরুরি নোটিশে বলা হয়েছে, "উপকূলীয় বা নদীর তীরবর্তী এলাকায় অবস্থানরত ব্যক্তিরা দ্রুত উঁচু এবং নিরাপদ স্থানে সরে যান।" কিয়োডো নিউজ জানিয়েছে, আওমোরি ও ইওয়াতে উপকূলে ইতিমধ্যে সুনামির ঢেউ আছড়ে পড়েছে।
কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, সুনামির ঢেউ ৩ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। তবে আওমোরি ও মিয়াগি প্রদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর রাজধানী টোকিও এবং আওমোরি প্রদেশের মধ্যে চলাচলকারী বুলেট ট্রেন (শিনকানসেন) সার্ভিস সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি উপদ্রুত এলাকার নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি।
সূত্র: টিআরটি উর্দু।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ