যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা এখন ‘দুর্বলতা’: কানাডা

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা এখন ‘দুর্বলতা’: কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার দীর্ঘদিনের সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক এখন ‘দুর্বলতায়’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এই নির্ভরতা কমিয়ে নতুন কৌশল গ্রহণের সময় এসেছে বলে তিনি হুশিয়ারি দিয়েছেন। 

সোমবার (২০ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, বর্তমান বিশ্ব আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক এবং বিভক্ত হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য নীতিতে বড় ধরনের পরিবর্তন এবং শুল্ক বা ট্যারিফ বৃদ্ধির কারণে কানাডা অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়ছে। তিনি জানান, যেকোনো একটি নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কানাডার ভবিষ্যতের জন্য শুভ নয়।

মার্ক কার্নি ইঙ্গিত দিয়েছেন যে, কানাডা এখন চীনসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে। এছাড়া তিনি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান অবস্থানকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছেন।

বক্তব্যে তিনি ১৮১২ সালের যুদ্ধের ব্রিটিশ কমান্ডার জেনারেল আইজ্যাক ব্রোকের উদাহরণ টেনে বলেন, কানাডা অতীতেও এমন কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং সফল হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে ক্ষমতায় আসার পর থেকেই মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির বিপরীতে কানাডার অর্থনীতিকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন।

সূত্র: ডেইলি জং। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন