ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে মোংলা শহরের হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাজার থেকে ডিম কেনার জন্য রাস্তা পার হচ্ছিল সানজিদা। এ সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সানজিদা আক্তার শিমু মোংলা শহরের হাজীপাড়া এলাকার শামীম হাওলাদারের মেয়ে। সে স্থানীয় সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আসমা খানম জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় একটি অনিয়ন্ত্রিত ইজিবাইক তাকে চাপা দেয়। তার অকাল মৃত্যুতে এলাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ