বিএনপির মনোনয়ন পেলেন নীলফামারীর বিলকিস ইসলাম

বিএনপির মনোনয়ন পেলেন নীলফামারীর বিলকিস ইসলাম

সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ (নীলফামারী): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম সংরক্ষিত নারী আসনে দলের চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত ৩৬ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা বিএনপির সহ-সভাপতি বিলকিস ইসলামের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের এই কৃতি সন্তানের সাফল্যে গ্রামবাসী ও স্থানীয় সাধারণ মানুষ আনন্দিত।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, বিলকিস ইসলাম রাজপথের একজন ত্যাগী নেতা। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন ও দলের সামাজিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম বলেন, “বিলকিস ইসলাম একজন পরীক্ষিত নেতা। মাঠের ত্যাগী নেতাদের মূল্যায়ন করায় আমরা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। কিশোরগঞ্জ-সৈয়দপুরসহ নীলফামারীর উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে আমাদের বিশ্বাস।”

বিলকিস ইসলাম অতীতেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তৃণমূল পর্যায়ে তাঁর শক্তিশালী অবস্থান রয়েছে। রাজপথে সক্রিয় ভূমিকার কারণে দল তাঁকে যথাযথ মূল্যায়ন করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন