ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান সুপেয় পানির সংকট নিরসন ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার-২.০’।
সোমবার (২০ এপ্রিল) ভোরে মাটির কলস হাতে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক তরুণ-তরুণী ও পরিবেশকর্মী এই দৌড়ে অংশ নেন।
সকাল সাড়ে ৬টায় উপজেলার মুন্সিগঞ্জ গ্যারেজ বাজার থেকে ম্যারাথনটি শুরু হয়। প্রায় সাড়ে চার কিলোমিটার কাদা-মাটির পথ পাড়ি দিয়ে আবাদচন্ডিপুর গাজী বাড়ি ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয় এই প্রতিযোগিতা। স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে, যেখানে সহযোগিতা প্রদান করে একশনএইড বাংলাদেশ।
ম্যারাথনে গাবুরার জি.কে সাব্বির হোসেন প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় হয়েছেন বুড়িগোয়ালিনীর সাগর হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন সাতক্ষীরা সদরের ওয়াছিমুল ইসলাম তপু।
ম্যারাথন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় একশনএইড বাংলাদেশের প্রতিনিধি মুসতাহিদ জামি ও আরিফ সিদ্দিকীসহ অন্যান্য পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নারীদের মাইলের পর মাইল হেঁটে পানি সংগ্রহ করতে হয়। এই ম্যারাথন কেবল একটি খেলা নয়, বরং এটি উপকূলের মানুষের মৌলিক অধিকার আদায়ের লড়াই।
শরুব ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতুল নাঈম জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট এই মানবিক সংকটকে জাতীয় পর্যায়ে তুলে ধরতেই তাঁরা এই প্রতীকী দৌড়ের আয়োজন করেছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ