দেশের ৫৫ লাখ পরিবার পাবে ১৫ টাকার চাল: খাদ্যমন্ত্রী

দেশের ৫৫ লাখ পরিবার পাবে ১৫ টাকার চাল: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে প্রতি কেজি মাত্র ১৫ টাকা দরে চাল দেওয়া হচ্ছে। 

আজ রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী

খাদ্যমন্ত্রী জানান, এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছে। বছরের মোট ছয় মাস (আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) এই চাল বিতরণ করা হয়।

  • বাজেট বরাদ্দ: ২০২৫-২৬ অর্থবছরে এই খাতে মোট ১০ লাখ টন চালের বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

  • বর্তমান অগ্রগতি: চলতি অর্থবছরের বরাদ্দকৃত চালের মধ্যে ইতিমধ্যে ৭ দশমিক ৯৩ লাখ টন বিতরণ করা হয়েছে, যা মোট বরাদ্দের ৭৯ দশমিক ২৫ শতাংশ।

  • বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদেরও চাল দিচ্ছে খাদ্য অধিদপ্তর। বর্তমানে দেশে ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারের মধ্যে প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৮৩৩ টন চাল সরবরাহ করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী সংসদে আরও জানান, নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে খাদ্যশস্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং পুষ্টির চাহিদা মেটাতে সরকার এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করছে। পর্যাপ্ত মজুত থাকায় কর্মসূচির ধারাবাহিকতা বজায় থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন