কক্সবাজারে মদ তৈরির কারখানার সন্ধান: সরঞ্জামসহ গ্রেপ্তার ১

কক্সবাজারে মদ তৈরির কারখানার সন্ধান: সরঞ্জামসহ গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধি: পর্যটন নগরী কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলা একটি নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। 

রবিবার (৫ এপ্রিল ২০২৬) ভোরে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ তৈরি মদ, বোতলজাতকরণের সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে। এ সময় মোহন সেন (৪০) নামে কারখানার মূল কারিগরকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া স্ক্র্যাপ গলিতে হাকিম মিয়ার মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। সেখানকার একটি ভাড়া বাসায় ল্যাব স্থাপন করে নকল মদ তৈরি করা হচ্ছিল। গ্রেপ্তার মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সুচিয়া শ্মশান খালিবাড়ি এলাকার কার্তিক সেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, কারখানাটি থেকে বিদেশি ব্র্যান্ডের আদলে তৈরি করা বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করা হয়েছে:

  • তৈরি মদ: ১১০ বোতল নকল বিদেশি মদ (প্রায় ৫৫ লিটার)।

  • রাসায়নিক ও ফ্লেভার: ৫টি জেরিক্যানে ১৬.৫ লিটার রাসায়নিক পদার্থ (ডায়ালাইট-বি সল্যুশন, অরেঞ্জ, লেমন, চকোলেট ও কফি ফ্লেভার)।

  • মেশিনারি: একটি ক্যাপ সিলিং মেশিন, একটি সিলার মেশিন ও একটি হিট গান।

  • অন্যান্য: ৭২৫টি কর্ক, ৭৮০টি নকল স্টিকার, ৮ ফর্দ বারকোড স্টিকার, ৫৫০টি কর্ক সিকিউরিটি সিল পেপার এবং নগদ ২৮ হাজার টাকা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, গ্রেপ্তার মোহন সেন দীর্ঘদিন ধরে বিভিন্ন ফ্লেভার ও কেমিক্যাল মিশিয়ে নকল বিদেশি মদ তৈরি করে আসছিলেন। এগুলো আসল বিদেশি মদ হিসেবে বাজারে ছড়িয়ে দেওয়া হতো। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ও ভেজাল বিরোধী এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন