প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা: মৌলভীবাজারের হিমেল সিলেটে গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা: মৌলভীবাজারের হিমেল সিলেটে গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার: প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সহকারী সচিব (এপিএস) পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মৌলভীবাজারের কামরুল হাসান হিমেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব-৯-এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে সিলেট নগরীর কাজীটুলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে প্রতারণার মূলহোতা কামরুল হাসান হিমেল (৩২)-কে গ্রেপ্তার করা হয়। হিমেল মৌলভীবাজারের কুলাউড়া থানার বাগৃহাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে তার সহযোগী শরীফ আহমদ (৪২)-কেও সিলেট থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হিমেল দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর এপিএস-এর ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। তিনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে:

  • চাকরি প্রদান, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখাতেন।

  • বিকাশ, নগদ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন।

  • প্রতারণার কাজে একাধিক স্মার্টফোন ও বিভিন্ন ব্যাংকের চেকবই ব্যবহার করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল স্বীকার করেছেন যে, তিনি কেবল বর্তমান সরকারের সময়েই নয়, বরং বিগত আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও প্রধানমন্ত্রীর এপিএস, পিও এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পিআরও পরিচয় দিয়ে একই ধরনের প্রতারণা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।

অভিযানে তাদের কাছ থেকে বেশ কয়েকটি স্মার্টফোন ও ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃতদের সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, এই চক্রের অন্য সদস্যদের ধরতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন