রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয়ে তেল নিতে এসে যুবক আটক

রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয়ে তেল নিতে এসে যুবক আটক

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে নিয়ম বহির্ভূতভাবে জ্বালানি তেল নেওয়ার চেষ্টার অপরাধে মো. তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৫ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গুল গফুর পেট্রোল পাম্পে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত তৌহিদুর রহমান নিজেকে পুলিশের সদস্য হিসেবে ভুয়া পরিচয় দিয়ে গুল গফুর পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে আসেন। তার আচরণে সন্দেহ হলে কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনকে অবগত করে। খবর পেয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অপরাধ প্রমাণিত হওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর 'সড়ক পরিবহন আইন, ২০১৮'-এর ৯২ (১) ধারায় ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত তৌহিদুর রহমান নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায় পাড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর জানান, প্রতারণা ও অনিয়ম রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভুয়া পরিচয় দিয়ে সরকারি সুযোগ-সুবিধা বা সাধারণ মানুষকে হয়রানি করার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন