ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মো. হাসান ইসলাম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকারমপুর এলাকায় রেললাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে এলাকার শ্রমজীবী মহিলারা কৃষি কাজের জন্য মাঠে যাওয়ার সময় রেললাইনের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের জানান এবং পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে ট্রেন দুর্ঘটনার শিকার হয়ে যুবকটি মারা গেছেন। রাত থেকেই মরদেহটি সেখানে পড়ে ছিল বলে মনে করা হচ্ছে।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, "ঘটনাটি আমাদের নজরে এসেছে। তবে দুর্ঘটনাস্থলটি সিরাজগঞ্জ রেলওয়ে থানার অধীনে হওয়ায় সেখানকার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।"

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহের ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন