ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৈঠকে বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ এবং চিকিৎসা সুবিধা সংক্রান্ত বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। বৈঠক শেষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি জানান, সংসদ সদস্যদের কাজের সুবিধার কথা চিন্তা করে তাদের সংসদের কাছাকাছি আবাসনের ব্যবস্থা করার চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ১০ এপ্রিলের মধ্যে সকল সংসদ সদস্যকে আবাসন সুবিধা প্রদান করা সম্ভব হবে। এ সময় তিনি আরও বলেন, সংসদ সদস্যরা নিজেরাই সেই বরাদ্দকৃত বাসা ব্যবহার করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। আগামী ৩০ মার্চ হাউজ কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সংসদ অধিবেশনে ঘটে যাওয়া অডিও বা শব্দ বিভ্রাটের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আজ বিকেল ৪টায় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর থেকে সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ