মোজতবা খামেনি মৃত অথবা সংকটাপন্ন: দাবি ট্রাম্পের

মোজতবা খামেনি মৃত অথবা সংকটাপন্ন: দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হয় মারা গেছেন, না হয় অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। গত বৃহস্পতিবার ফ্লোরিডার মিয়ামিতে 'ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ প্রায়োরিটি' সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি মন্তব্য করেন যে, ইরানে বর্তমানে কোনো কার্যকর নেতৃত্ব নেই।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ইরানের নেতৃত্ব ও প্রতিরক্ষা ক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাদের সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ খামেনি) আর নেই, তিনি মারা গেছেন; আর তার ছেলে হয় মারা গেছেন, নয়তো খুবই খারাপ অবস্থায় আছেন।” ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং তাদের সামরিক যোগাযোগ ব্যবস্থা ও অস্ত্র তৈরির কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনেই সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই হামলায় তার পরিবারের অন্য সদস্যরাও প্রাণ হারান এবং মোজতবা খামেনি আহত হন। মোজতবা আহত থাকা অবস্থাতেই তাকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করে ইরান। মার্কিন সংবাদমাধ্যমগুলো তার অবস্থা গুরুতর বললেও ইরানি সূত্র মতে, তার পায়ের আঘাত প্রাণঘাতী নয়। যুদ্ধের দ্বাদশ দিনে (১২ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মোজতবা খামেনি চিকিৎসার জন্য মস্কো যান এবং বর্তমানে সেখানেই একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র : এএফপি

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন