ক্যান্সারে ফিকে হচ্ছে ডাক্তার হওয়ার স্বপ্ন: বাঁচতে চায় মেধাবী মিলি

ক্যান্সারে ফিকে হচ্ছে ডাক্তার হওয়ার স্বপ্ন: বাঁচতে চায় মেধাবী মিলি

আব্দুল্লাহ আল মামুন, যশোর: “মিলি ছোটবেলা থেকেই বলত— মা, বড় হয়ে ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করব। ওর বাবা মারা যাওয়ার পর খেয়ে না-খেয়ে ওকে পড়িয়েছি শুধু ওই স্বপ্নটার দিকে তাকিয়ে। কিন্তু আজ আমার সেই মা-মণিটা হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। ও কি আর কোনোদিন ক্লাসে ফিরবে না?”

অশ্রুসিক্ত চোখে কথাগুলো বলছিলেন ক্যানসারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী সামিয়া জামান মিলির মা সেলিনা বেগম। ভাগ্যের নির্মম পরিহাসে এক অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামের এই অকুতোভয় লড়াকু মেয়েটি।

মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মিলি। ২০২০ সালে সপ্তম শ্রেণিতে পড়ার সময় বাবা নবীরুজ্জামানকে হারায় সে। বাবার অকাল মৃত্যুতে পরিবারটি অথৈ সাগরে পড়লেও দমে যায়নি মিলি। অভাবের সাথে লড়াই করে মেধার স্বাক্ষর রেখে স্বপ্ন দেখছিল চিকিৎসক হওয়ার। কিন্তু কয়েক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে মিলির শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। বর্তমানে সে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল বারীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

মিলিকে নিয়ে আবেগাপ্লুত তার কলেজের রসায়ন বিজ্ঞানের সহকারী অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার। তিনি বলেন, “মিলি শুধু একজন শিক্ষার্থী নয়, সে আমাদের কলেজের সম্পদ। বিজ্ঞানের কঠিন বিষয়েও তার দখল ছিল অসাধারণ। অর্থের অভাবে এমন একটি মেধাবী প্রাণ ঝরে যাবে, তা মেনে নেওয়া যায় না। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আমরা হয়তো একজন ভবিষ্যৎ চিকিৎসককে ফিরে পাব।”

ইতিমধ্যেই মিলির অত্যন্ত ব্যয়বহুল কেমোথেরাপি শুরু হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদী এই চিকিৎসার খরচ বহনের সামর্থ্য তার বিধবা মায়ের নেই। জমিজমা বা সঞ্চয় বলতে এই পরিবারের কিছুই অবশিষ্ট নেই। চিকিৎসকরা জানিয়েছেন, মিলিকে সম্পূর্ণ সুস্থ করতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।

মিলি আবার তার প্রিয় কলেজের ক্লাসরুমে ফিরতে চায়, হাতে তুলে নিতে চায় বই। তার এই অসম লড়াইয়ে আপনার সামান্য সহানুভূতি বা সাহায্য হতে পারে একটি জীবনের সঞ্জীবনী সুধা।

সাহায্য পাঠানোর ঠিকানা:

  • ব্যাংক হিসাব: আইএফআইসি ব্যাংক লিমিটেড (IFIC Bank Ltd.)

  • হিসাব নম্বর: ০২৩০০০৫৫৮৯৮৫১ (সঞ্চয়ী)

  • বিকাশ (পার্সোনাল): ০১৮৮৭-১৪০১৯৯

আপনার ভালোবাসা ও সহযোগিতায় হয়তো বেঁচে যাবে একটি প্রাণ, পূরণ হবে একজন এতিম মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন