দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন: ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন: ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

তাজুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১৫টি পদের বিপরীতে ৩৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি পৃথক প্যানেল এবং ৯ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

শনিবার (২৮ মার্চ ) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে গঠিত নির্বাচন কমিশনের নিকট প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্যানেল ও প্রার্থীদের পরিচিতি:

১. জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি সমর্থিত প্যানেল): এই প্যানেল থেকে সভাপতি পদে মোঃ এমাম আলী এবং সাধারণ সম্পাদক পদে মোঃ খয়রাত আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন— সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম-২ ও মোঃ আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিহুর রহমান ফাতেমী ও মোঃ আজেদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক, পাঠাগার সম্পাদক এস এম মোস্তাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না এবং সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মোঃ মাহাবুবুর রহমান মানিক। এছাড়াও সদস্য পদে ৫ জন প্রার্থী রয়েছেন।

২. সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ (জামায়াত সমর্থিত প্যানেল): এই প্যানেল থেকে সভাপতি পদে এ কে এম রেজাউল কবির চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আবুল আ'লা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু মনোনীত হয়েছেন। অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি খন্দকার মোঃ রমজান আলী ও মোঃ নুর নবী, সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম-২ ও মোঃ ইসহাক আলী, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক রাজু, সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ তোজাম্মেল হক বকুল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিনয় কান্তি রায় জীবন এবং পাঠাগার সম্পাদক মোঃ ইকবাল আনসারী। এই প্যানেল থেকেও সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৩. স্বতন্ত্র প্রার্থী: বিভিন্ন পদে মোট ৯ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে মোঃ খাদেমুল ইসলাম, হাজী মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আতাউর রহমান আতা রয়েছেন। সহ-সভাপতি পদে তহসিনা আকতার দিপলী এবং সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জনসহ কোষাধ্যক্ষ ও সদস্য পদেও স্বতন্ত্র প্রার্থীরা লড়ছেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ইব্রাহীম-১। কমিশনার হিসেবে আছেন মোঃ আইনুল হক-১ ও এ কে এম মঞ্জুর রশীদ রতন। আইনজীবী সমিতির মোট ৫৪৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে আদালত পাড়ায় আইনজীবী ও প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন