অসহায় নারীর পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান জিন্টু

অসহায় নারীর পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান জিন্টু
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নিজ অর্থায়নে বালিনগর গ্রামের স্বামী পরিত্যক্ত অসহায় নারী শামসুন্নাহার (৩৫)-এর জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন।

জানা যায়, প্রায় ছয়-সাত বছর আগে স্বামীর পরিত্যাগের পর আট বছরের সন্তানকে নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন শামসুন্নাহার। মাথা গোঁজার ঠাঁই না থাকায় মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। এমন অবস্থায় চেয়ারম্যানের এই সহায়তা পরিবারটির জীবনে নতুন আশার আলো এনে দিয়েছে।

ঘর নির্মাণের পুরো ব্যয় নিজেই বহন করেছেন বলে দৈনিক সকালবেলাকে জানিয়েছেন চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু।

স্থানীয়রা জানান, একটি ঘর নির্মাণে যেখানে বিপুল অর্থের প্রয়োজন হয়, সেখানে চেয়ারম্যানের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এলাকাবাসী তার এই মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক মো. শওকত আলী বলেন, “জিন্টু ছোটবেলা থেকেই মানবিক মানসিকতার মানুষ। মানুষের দুঃখ-কষ্ট দেখলে তিনি চুপ করে থাকতে পারেন না। অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার স্বভাবেরই অংশ।”

এ বিষয়ে জানতে চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সকালবেলাকে বলেন, “আমি আবেগী মানুষ। সে আমাকে মামা বলে ডেকে তার কষ্টের কথা বলেছেন। তাই চেষ্টা করেছি কিছু করার।”

তিনি আরও বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমি চেষ্টা করেছি অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”

৬নং ওয়ার্ডের মেম্বার নুরুজ্জামান মিয়া জানান, “চেয়ারম্যানের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। এতে অসহায় পরিবারটি নতুনভাবে বাঁচার সাহস পেয়েছে।”

মন্তব্য করুন